||মুফতি এনায়েতুল্লাহ||
অন্যের কাজ, চাল-চলনসহ নানা বিষয়ে অহেতুক মন্তব্য, বাজে ট্যাগিং ও হস্তক্ষেপ করাকে ‘নাক গলানো’ বলা হয়। আমাদের দেশে নাক গলানো বা ‘নোজপোকিং’য়ের বিষয়টি ব্যাপক প্রচলিত। বেশির ভাগ মানুষ অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে, অহেতুক প্রশ্ন করতে পছন্দ করে, শুধু শুধু সমালোচনা করতে ভালোবাসে। কাজে লাগুক আর না লাগুক, এটা তাকে করতেই হয়, এ এক ভীষণ জ্বালা!
ক্ষেত্রবিশেষ এটাকে ‘পবিত্র দায়িত্ব’ মনে করে। ফলে বলা চলে, অনধিকারচর্চায় এ দেশের মানুষ ভীষণ ওস্তাদ। আপনি যতই অপছন্দ করুন না কেন, ব্যক্তিগত নানা খুঁটিনাটি বিষয়ে প্রশ্ন আপনাকে শুনতেই হবে। এমনকি বন্ধুত্ব ও সম্পর্কের সূত্রেও আপনাকে দোষী বা দায়ি মনে করে অনেকে কৌতূহলের বশে এসব প্রশ্ন করেন। যা তার জীবনের সঙ্গে সম্পৃক্ত নয়, উপকারী নয়।
কারও ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করা যে উচিত নয়, এই অজ্ঞতা থেকে কেউ কেউ এসব প্রশ্ন করেন।