বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত ঘেঁষা ঘুমধুম তুমব্রু সীমান্তে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারের মধ্যে গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষ অব্যাহত রয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতভরও দুপক্ষের মধ্যে চলেছে গোলাগুলি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ রিপোর্ট লেখার সময়ও সেটি অব্যাহত আছে।
সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলির ঘটনায় প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন দেশটির বিজিপি সৈনিক, চাকমা, রোহিঙ্গাসহ অন্যান্য সম্প্রদায়ের হাজারের কাছাকাছি লোকজন। তবে তাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থায় আছে বিজিবি।
এদিকে টানা কয়েকদিনের ব্যাপক গোলাগুলির ঘটনায় সীমান্ত এলাকায় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে এরই মধ্যে তুমব্রু সীমান্তের তিনটি গ্রাম কোনার পাড়া, মাঝের পাড়া, বাজার পাড়া জন মানবশূন্য হয়ে পড়েছে। গ্রামে কয়েকজন পুরুষ ছাড়া নারী ও শিশুরা নিজেদের মতো করে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।