কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
উপকূলে কেউ সরকারি রাস্তার পাশে, কেউ আবার সমুদ্র তীরে বসবাস করছে। এখানকার অধিকাংশ ভূমিহীন ও গৃহহীন বাসিন্দাদের মাথা গোঁজার মতো ঠাই নেই। নানা সময়ে সরকারের কাছে হাজারো পরিবার জমি ও ঘরের দাবি জানিয়ে আসছে। সে লক্ষ্যে সরকারের তরফ থেকে ধাপে ধাপে আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এসব ঘর থেকে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরা বঞ্চিত হচ্ছেন। কয়েকজন বণ্টনকারীকে ম্যানেজ করে এসব ঘর সচ্ছলদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন আবার সেই ঘরগুলোকে বিক্রি শুরু হয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রি হচ্ছে মোটা অংকের টাকায়। ঘর বরাদ্দ পাওয়ার সাত মাসের মাথায় বিক্রি করে চলে গেছেন নিজ বসতবাড়িতে। কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া-ফাসিপাড়া আবাসন প্রকল্পের চারটি ঘর ইতোমধ্যে বিক্রি হয়েছে। বিক্রির দেন দরবার চলছে আরো কয়েকটির। আশ্রয়নবাসীর অভিযোগ, প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের না দিয়ে বরাদ্দ দেওয়া হয়েছিল স্বচ্ছলদের।