সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত এক পুলিশ কনস্টেবলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার বামনকুমার গ্রামের জমির খান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিজিডাঙ্গা গ্রামের চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল কামরুজ্জামান, রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার কাটাখালি বটতলা গ্রামের জহুরুল সেখ ওরফে সুমন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ধনঞ্জয় গ্রামের মিজানুর রহমান মিন্টু, ফরিদপুরের মধুখালি উপজেলার কাশিনাথপুর গ্রামের মীর সোহেল হোসেন, যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেউলি গ্রামের রাজু ও গোপালগঞ্জের নকুরির চরের আইয়ুব মোল্লা।