শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

৪০ বছরের খতিবকে রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ৪০ বছর ধরে নিষ্ঠা, সততা ও অকৃত্রিম দায়িত্ববোধের সঙ্গে দীনের খেদমত করে আসা খতিব মাওলানা মোহাম্মদ আব্দুস সালামকে বর্ণাঢ্য রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন মুসল্লিরা। 

বার্ধক্যজনিত কারণে পেশ ইমামের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের উত্তর দর্জিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করে মসজিদ পরিচালনা কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী খতিব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম নিজেই। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক, নুরুল আলা নুর কামিল মাদ্রাসা, পঞ্চগড়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির আহম্মেদ আকন্দ, প্রতিষ্ঠাতা, শিশুস্বর্গ ফাউন্ডেশন, দর্জিপাড়া, তেঁতুলিয়া।

প্রধান আলোচক মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, মাওলানা আব্দুস সালাম শুধু একজন খতিব নন, তিনি এ জনপদের একজন দ্বীনি অভিভাবক। তার ৪০ বছরের নিরলস খেদমত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিশেষ অতিথি কবির আহম্মেদ আকন্দ বলেন, আজকের সমাজে এমন আলেম খুবই বিরল, যিনি নিঃস্বার্থভাবে একটি মসজিদের সঙ্গে এত দীর্ঘ সময় যুক্ত থাকেন। তার অবদান আগামী প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর।

সভাপতির বক্তব্যে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন বলেন, আমরা গর্বিত যে এমন একজন আদর্শবান আলেমকে দীর্ঘদিন আমাদের পাশে পেয়েছি। তার জন্য আমাদের দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে।

বিদায়ী খতিব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর দর্জিপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার শামসুজ্জোহা (নিয়াজিদ)।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ