মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


নোয়াখালীতে পানির ট্যাংক থেকে ৭৫০ লিটার ডিজেল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক বসতবাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। অভিযানে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকিতে বিপুল পরিমাণ ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, কিছু দিন ধরে পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পানির পরিবর্তে ট্যাংকিতে তেল থাকার বিষয়টি প্রকাশ্যে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুদ করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দ করা ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়।

এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ