শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :

‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মৌলভীবাজার প্রতিনিধি

দাওয়াতি ক্যাম্পেইন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইসলামী যুব মজলিসের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবসমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বড়লেখা উপজেলা শাখা ইসলামী যুব মজলিস আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।

তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী তরুণ ও যুবক। উন্নত বাংলাদেশ গঠনে এই তরুণরাই সবচেয়ে বড় শক্তি। অতীতে বিভিন্ন জাতীয় পরিবর্তনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাজনীতি, অর্থনীতি ও সমাজ উন্নয়নেও তাদের অবদান উল্লেখযোগ্য।

ড. ফয়সাল আরও বলেন, যুবসমাজের একটি অংশ মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। তিনি তরুণদের এসব অপসংস্কৃতি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে আদর্শ, নৈতিকতা ও মানবকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসান হাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহিন, মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মো. এহসানুল হক, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সহ-সহসাধারণ সম্পাদক এম. এম. আতিকুর রহমান এবং বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ