মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার আদর্শ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তাবলিগ জামাতের সদস্য হিসেবে কয়েকদিন ধরে স্টেডিয়াম পাড়ার ওই মাদরাসা ও মসজিদে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শোলই গ্রামের শুকুর সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে ইব্রাহিম মসজিদের ছাদে ওঠেন। এ সময় ছাদের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের মূল লাইনের কাছে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে সঙ্গে থাকা তাবলিগ জামাতের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইব্রাহিমের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, এলাকাবাসী এবং তাবলিগ জামাতের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এসএইচ/