পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ১ লাখ ২ হাজার ৪০০টি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, ফাউন্ডেশনের ২১৪তম মাসিক সমন্বয় সভায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় বিভাগীয় ও জেলা কার্যালয়, মডেল মসজিদ, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশন কেন্দ্র, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা এবং গণশিক্ষা কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে।
নির্দেশনা অনুযায়ী, দেশের আটটি মহানগরে প্রতিটিতে ৩০০টি করে মোট ২ হাজার ৪০০টি গাছ রোপণ করা হবে। পাশাপাশি দেশের ৫০০টি উপজেলায় প্রতিটিতে ২০০টি করে মোট ১ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে সারাদেশে ১ লাখ ২ হাজার ৪০০টি গাছ লাগানো হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, বরং জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সবুজ বাংলাদেশ গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক এ বৃহৎ কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজে পরিবেশবান্ধব আচরণ গড়ে তুলতেও কার্যকর ভূমিকা পালন করবে।
নির্দেশনায় আগামী ৩১ আগস্টের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোকে কর্মসূচি বাস্তবায়নের পর সচিত্র প্রতিবেদন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগে পাঠাতে বলা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এ নির্দেশনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও জেলা কার্যালয়ের উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি অবহিতকরণের জন্য ফাউন্ডেশনের সচিব, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এবং মহাপরিচালকের একান্ত সচিবকেও অনুলিপি দেওয়া হয়েছে।
আইও