শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে বড় ছেলেকে হত্যার ঘটনায় ছোট ছেলে রাকিব মিয়ার (১৮) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন তাদের বাবা এরশাদুল হক। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিব পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত সাকিবের বাবা এরশাদুল হক বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে তার ছোট ছেলে রাকিবকে।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত সাকিব (২২) ও অভিযুক্ত রাকিব (১৮) আপন দুই ভাই। তারা ওই এলাকার বাসিন্দা এরশাদুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের তত্ত্বাবধান ও ব্যবহার নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ছোট ভাই রাকিব ছুরি দিয়ে বড় ভাই সাকিবকে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা সাকিবকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘বড় ছেলেকে হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামি রাকিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সব দিক তদন্ত করে দেখা হচ্ছে। পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ