শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮


নীলফামারীতে পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নীলফামারীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় এক সাবেক সেনাসদস্য ও এক ট্রলিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলার ডোমার ও সৈয়দপুর উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

প্রথম ঘটনায় দুপুর ১২টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন সাবেক সেনাসদস্য রাসেল বসুনিয়া (৪৮)। তিনি ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে সংস্কারকাজ চলমান থাকায় সড়কের বিভিন্ন অংশে গর্ত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এমন একটি অংশ অতিক্রমের সময় একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাসেল বসুনিয়া নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান আহত হন। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে, এতে বাসের কয়েকজন যাত্রীও আহত হন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দের প্রক্রিয়া চলছে।

একই দিন দুপুর ২টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের মশে হাজিপাড়া অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ইটবোঝাই একটি ট্রলির সংঘর্ষে ট্রলিচালক আমিনুল ইসলাম (৪৮) নিহত হন। তিনি নীলফামারী সদর উপজেলার সোনারায়-সংলগ্ন দীঘলডাঙ্গি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

এ ঘটনায় ট্রলির হেলপার সাজু রহমান (৩৫) আহত হন এবং বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাজু রহমান জানান, ট্রেন আসার কোনো শব্দ পাননি এবং হুইসিলও শোনা যায়নি। রেললাইনের পাশের ঘরবাড়ির কারণে দূর থেকে ট্রেন দেখা না যাওয়ায় তারা লাইন পার হচ্ছিলেন। হঠাৎ ট্রেনের সামনে পড়ে গেলে তিনি লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন, তবে মাথায় আঘাত পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ট্রলির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। ট্রলির অংশ ট্রেনের সঙ্গে আটকে যাওয়ায় ইঞ্জিনটি প্রায় ৫০০ গজ দূরে গিয়ে থেমে যায়। এ ঘটনায় কিছু সময়ের জন্য রেল চলাচলও বিঘ্নিত হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ