নিজস্ব প্রতিবেদক
উম্মাহর কল্যাণ, দাওয়াহর প্রসার ও সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করতে রোববার (১১ অক্টোবর) আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস মাওলানা শফীকুর রহমান জালালাবাদী। এ সময় তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
চার দিনের সফরে ঢাকায় আসা শায়খ শফীকুর রহমান জালালাবাদী উম্মাহর কল্যাণ নিয়ে ভাবনাশীল শাইখ আহমাদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে শায়খ আহমাদুল্লাহ তাঁকে ফাউন্ডেশনে আমন্ত্রণ জানান। তিনি সেখানে পৌঁছালে শায়খ আহমাদুল্লাহ নিজে তাঁকে অভ্যর্থনা জানান এবং ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম ও দাওয়াহ ইনস্টিটিউট ঘুরিয়ে দেখান।