নিজস্ব প্রতিবেদক
জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৭-এর উপজেলা পর্যায়ে কবিতা আবৃত্তি ও নাতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মুস্তাকিম নাদিয়ান। সে ফরিদপুরের ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. রাসেল, বিক্রয় সহকারী মো. ইউনুস মন্ডল, ভাঙ্গা উপজেলা ফিল্ড সুপারভাইজার এইচ. এম. রুহুল আমিন, উপজেলা মডেল কেয়ারটেকার (এমসি) মো. ফরহাদ হোসেন, সহকারী পরিদর্শক (জিসি) মো. কিবরিয়া মুন্সি ও মো. আইয়ুব আলী এবং হাফেজ মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
কবিতা আবৃত্তি ও নাতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মুস্তাকিম নাদিয়ানকে অভিনন্দন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন, সহকারী শিক্ষক ফাইজুর রহমান ও শুভাকাঙ্ক্ষীরা। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
পড়াশোনার পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুস্তাকিমের এ অর্জন তার প্রতিভা ও আগ্রহের পরিচয় বহন করে। ভবিষ্যতেও সে সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
এসএইচ/