আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী হিসেবে কুন্দুজ নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে গত তিন দিনে তারা তিনটি প্রদেশকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
আজ রোববার (৮ আগস্ট) এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, তারা পুলিশের প্রধান কার্যালয়, গভর্নরের কম্পাউন্ড ও শহরের কারাগারের দখল নিয়েছে। দোহাভিত্তিক আলজাজিরাকে রাজধানীতে তালেবানের উপস্থিতি নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
এর আগে জাওজান প্রদেশের রাজধানী শেবারগান ও নিমরোজের জারানজ শহরের নিয়ন্ত্রণে নেয় তালেবান। ২০১৫ ও ২০১৬ সালে কুন্দুজের পতন ঘটেছিল তালেবানের হাতে। শেবারগান ও জারানজের পতন হয়েছিল কোনো রক্তপাত ছাড়াই। কাবুল থেকে আলজাজিরার প্রতিবেদক শার্লট বেলিস বলেন, কুন্দুজের এক সাংবাদিক আমাদের জানিয়েছেন যে ইতিমধ্যে পুলিশ প্রধান ও নির্বাচন কমিশনের কার্যালয় দখলে নিয়েছে তালেবান। শহরের কেন্দ্রীয় গোলচক্করজুড়ে তালেবানের পতাকা উড়তে দেখা গেছে।
কুন্দুজের পতনের কথা সরকার অস্বীকার করলেও বাস্তবে শহরটি তাদের হাতে নেই বলেও জানান এই সাংবাদিক। একটি ভিডিও পোস্ট করে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রদেশটিতে জাতীয় নিরাপত্তা বাহিনী সমন্বিত অভিযান পরিচালনা করেছে। এতে তালেবানকে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে।
তালেবানের স্বপ্ন পূরণ হবে না বলেও জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুন্দুজের বাসিন্দাদের উদ্দেশ্য করে কমান্ডোরা বলেন, আমরা আপনাদের সঙ্গে আছি। আফগান বাহিনী আপনাদের ছেড়ে যাবে না।
শনিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে বৈঠক করেন দোস্তাম। তিনি বলেন, শত্রুর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর সময় এখনই। কিন্তু শেবারগানে দোস্তামের বাহিনী পিছুহটে যাওয়া সরকারির বাহিনীর আশার গুড়েবালি হিসেবে ধারণা করা হচ্ছে।
-এটি