ওমায়ের আহমেদ।।
তালবিয়ার সাথে কে না পরিচিত? হজ্বের মাসে মসজিদে মসজিদে হজ্বের অনুশীলন হয় এবং ফাযাইল ও মাসাইলের আলোচনা হয়। তালবিয়ার প্রসঙ্গ তখন অপরিহার্যভাবে আসে এবং আলোচক-শ্রোতা সবার কণ্ঠে তালবিয়া ধ্বনিত হয়। এ কারণে মুসলিম সমাজের ছোট-বড় সকলেই তালবিয়ার সাথে পরিচিত। আর আল্লাহ যাদের দান করেছেন হজ্বের সৌভাগ্য তাদের কথা তো বলাই বাহুল্য। তালবিয়ায় তাদের ইহরামের সূচনা; তালবিয়া তাদের হজ্বের সঙ্গীত।
এ হজ্ব-সঙ্গীত অতি প্রাচীন, যুগে যুগে তা ধ্বনিত হয়েছে আল্লাহর ঘরের মুসাফিরদের কণ্ঠে ও হৃদয়ে। এ মুসাফির দলের অগ্রভাগে আছেন মানবজাতির সর্বোত্তম অংশ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা-নবী ও রাসূলগণ। মাঝে আছেন সাহাবা-হাওয়ারিয়ীন এবং শুহাদা-সালেহীনের মোবারক জামাত আর শেষে আছে পাপী তাপী নিঃস্ব ভিখারীর দল। সবাই এক আল্লাহর বান্দা, সকলের কণ্ঠেই ধ্বনিত তালবিয়া-সঙ্গীত-‘লাববাইক আল্লাহুম্মা লাববাইক’।
আমাদের পরম সৌভাগ্য, আমরা আখেরী নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উম্মত। তাঁর অনুসরণের মাধ্যমে আমরা অনুসারী সকল নবী ও রাসূলের। তাঁরই স্বর্ণসূত্রে আমরা যুক্ত নবী-রাসূলের সোনালী ধারার সাথে। আজ আমরা যে তালবিয়া পাঠ করি-আল্লাহ আমাদের কলব ও যবানের সকল মলিনতা দূর করে দিন-হুবহু এই বাক্যগুলো উচ্চারিত হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাক যবানে। বড় বড় সাহাবী তা গ্রহণ করেছেন ও বর্ণনা করেছেন।
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মোবারক যবান থেকে তালবিয়া শিখেছি। তিনি বলতেন-
لَبَّيْكَ اَللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لا شَرِيْكَ لَكَ
-সহীহ বুখারী, হাদীস : ১৫৪০, ১৫৪৯; সহীহ মুসলিম, হাদীস : ১১৮৪; সুনানে ইবনে মাজাহ, হাদীস : ২৯১৮
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা., হযরত জাবির ইবনে আবদুল্লাহ রা. ও হযরত আনাস রা.ও এই তালবিয়া বর্ণনা করেছেন। (দেখুন ১. মুসনাদে আহমদ ১/৪১০; মুসান্নাফ ইবনে আবী শাইবা ৮/২১১; সুনানে নাসায়ী, হাদীস : ৩৭৩২২; ২. সহীহ ইবনে খুযাইমা, হাদীস : ২৬২৬; সুনানে আবু দাউদ, হাদীস : ১৮১৩; সুনানে ইবনে মাজাহ, হাদীস : ২৯২৯; ৩. আবু ইযà