বিশেষ প্রতিনিধি
সিলেটের ছয়টি আসনের মধ্যে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনটি আলেম-উলামা অধ্যুষিত হিসেবে পরিচিত। এই আসনে আলেমদের বেশ প্রভাব রয়েছে। মাদরাসার সংখ্যাও অনেক। তাছাড়া অন্য যেকোনো এলাকার চেয়ে এখানকার মানুষ বেশি ধার্মিক। ইসলামের প্রশ্নে এখানকার সাধারণ মানুষেরাও অনেক নিবেদিত। এবারের নির্বাচনে এই আসনে জটিল সমীকরণ সামনে আসছে। শেষ পর্যন্ত এই আসনে কে শেষ হাসি হাসবেন সেটা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
বিএনপি তাদের মিত্র জমিয়তে উলামায়ে ইসলামকে যে কয়টি আসনে ছাড় দিতে পারে বলে আলোচনা রয়েছে, এর মধ্যে শীর্ষে আছে সিলেট-৫। এই আসনে জমিয়তের প্রার্থী হচ্ছেন দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তবে এখানে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন চাকসু মামুন। তিনি আবার মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খালাতো ভাই। তিনি ২০১৮ সালে নির্বাচন করতে চেয়েছিলেন। সেই নির্বাচনে উবায়দুল্লাহ ফারুক তার কাছে একটি বারের জন্য সুযোগ চেয়ে নিয়েছিলেন দাবি করে চাকসু মামুন প্রার্থী হওয়ার ব্যাপারে অনড় রয়েছেন।