আন্তর্জাতিক ডেস্ক :
যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও চরম প্রতিকূলতার মধ্যেও পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন ফিলিস্তিনের গাজাবাসী। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের জাতীয় কুরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজা নগরীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা জমিয়তুল বারাকার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে গাজার বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে একটি কুরআন পদযাত্রা অনুষ্ঠিত হয়। হাতে পবিত্র কুরআনের কপি নিয়ে তাঁরা গাজার বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন অংশগ্রহণকারীরা। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশ দিয়ে হাফেজদের এ পদযাত্রা গাজাবাসীর কুরআনের প্রতি ভালোবাসা ও ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতা রক্ষার দৃঢ় প্রত্যয়ের প্রতীক হয়ে ওঠে।
অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন। এ সময় কুরআন ও সুন্নাহ বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-গালবান, আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা, সহসভাপতি হাতেম আল-ইয়াজিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্য ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. মুহাম্মদ সালেম বলেন, এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দেওয়ার এ আয়োজন কেবল একটি সম্মাননা অনুষ্ঠান নয়; বরং এটি ধৈর্য, অধ্যবসায় ও ঈমানি প্রচেষ্টার এক হাজার গল্পের উদ্যাপন। কোরআনের খেদমত ও শিক্ষার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এই অর্জন। নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনে কোরআনের শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম এগিয়ে চলছে।
তিনি হাফেজ-হাফেজাদের উদ্দেশে বলেন, কুরআন মুখস্থ করাই যেন তাঁদের পথচলার শেষ না হয়; বরং এটি হওয়া উচিত নতুন যাত্রার সূচনা। কোরআনের আয়াত বোঝা, অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সন্তানদের কুরআন চর্চা অব্যাহত রাখতে অভিভাবকদেরও যত্নবান হওয়ার পরামর্শ দেন।
আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা বলেন, যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেও এক হাজার হাফেজ-হাফেজার এ অর্জন গর্ব ও আনন্দের বিষয়। এটি গাজাবাসীর দৃঢ়তা ও প্রতিকূলতার মুখেও টিকে থাকার অনন্য দৃষ্টান্ত। গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও জমিয়তুল বারাকার যৌথ প্রচেষ্টায় এ আয়োজন সম্ভব হয়েছে। কোরআনের হাফেজদের সহযোগিতা ও কুরআন শিক্ষার কার্যক্রমে তাঁদের সংস্থার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে হাফেজ-হাফেজাদের পক্ষ থেকে বক্তব্য দেন হিবা আল-হিমস। তিনি গাজা উপত্যকায় অনুষ্ঠিত হিফজ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। তিনি বলেন, কোরআনের ধারক-বাহকদের সম্মান জানানো শুধু পুরস্কার বা উপাধির বিষয় নয়; বরং এটি এমন হৃদয়ের প্রতি সম্মান, যারা পবিত্র কুরআনকে জীবনের সঙ্গী ও পথচলার আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করেছে। কুরআন মুখস্থ করার পর এর শিক্ষা বোঝা, বিধান অনুসরণ করা এবং চরিত্রে তার প্রতিফলন ঘটানোর দায়িত্বও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ-হাফেজাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। তাঁদের পরিবার-পরিজন ও উপস্থিত অতিথিদের মধ্যে এ সময় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়।
সূত্র: মিল্লাত টাইমস উর্দু
এসএইচ/