২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ হামলায় শহীদদের পরিবারকে সহযোগিতার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে এই ঘটনায় শহীদদের পরিবারের পাশে প্রথমবারের মতো দাঁড়াচ্ছে সরকার। বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের।
শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে শাপলা শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন, ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে স্থানীয় সরকার বিভাগ। হেফাজতে ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে শহীদ পরিবারের কল্যাণে প্রথমবারের মতো সরকারি সহযোগিতা পেতে যাচ্ছে পরিবারগুলো।’