মিশরের নতুন প্রশাসনিক রাজধানী নিউ কায়রোতে শনিবার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের গর্ব, দুইবারের আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হাফেজ আনাস বিন আতিক।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন।
হাফেজ আনাস এর আগেও সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নাম বিশ্বে উজ্জ্বল করেছেন। এছাড়া তিনি হিফজুল কুরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করে নজর কেড়েছিলেন।