ইবনে সাবের-
দেশের বৃহত্তম কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) আগামী ১ মহররম ১৪৪৮ হিজরি মোতাবেক ১৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ বুধবার থেকে ঢাকা মহানগরীর আওতাধীন বেফাকভুক্ত মাদরাসাসমূহে বার্ষিক পরিদর্শন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম চলবে।
কওমি মাদরাসা শিক্ষার মূল লক্ষ্য হলো যুগোপযোগী ও মানসম্পন্ন দীনি তালিম ও তারবিয়াতের মাধ্যমে যোগ্য আলেম, আদর্শবান ব্যক্তিত্ব এবং দীনের খাদেম তৈরি করা। এ লক্ষ্য বাস্তবায়নে মাদরাসার শিক্ষা, প্রশাসন ও আর্থিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য বেফাক নিয়মিত তদারকি ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
পরিদর্শনের অংশ হিসেবে হিফজ বিভাগ ও কিতাব বিভাগের বেফাকভুক্ত জামাতসমূহ—ইবতিদাইয়্যাহ, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া, ফজিলত ও তাকমিলসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মৌলিক কিতাব থেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। সময় ও সুযোগ অনুযায়ী মিজান ও হেদায়াতুন্নাহু জামাতের শিক্ষার্থীদেরও মূল্যায়ন করা হবে।
এছাড়া বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান, হিসাব বিভাগের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে তদারকি, অডিট সংক্রান্ত বিষয়ে নির্দেশনা, মাদরাসার হালনাগাদ তথ্য সংগ্রহ এবং বোর্ড-সংশ্লিষ্ট বার্ষিক ফি আদায়ের কার্যক্রম সম্পন্ন করা হবে।
পরিদর্শনের সময় মাদরাসাগুলোকে বেফাকের বিভিন্ন খেদমতও প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে—পুরুষ ও মহিলা মাদরাসার নিসাবনামা, মাকাদিরে আসবাক, হিফজ বিভাগের নেসাব, মুরব্বিদের সুপারিশপত্র, হিসাব বিভাগের ভাউচার সংক্রান্ত নির্দেশনা, নতুন মাদরাসা নিবন্ধন বা মারহালা পরিবর্তন সংক্রান্ত সহযোগিতা এবং বৃত্তি উত্তোলনের ফরম সরবরাহ।
বেফাক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মাদরাসার দায়িত্বশীলদের পরিদর্শকদের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রেখে নির্ধারিত সময়ে পরিদর্শন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সম্মানিত পরিদর্শকবৃন্দকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য মাদরাসা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ করে নতুন নিবন্ধিত মাদরাসা অথবা যেসব মাদরাসার পরিদর্শন বিষয়ে পূর্ব অভিজ্ঞতা নেই, তাদের নির্ধারিত পরিদর্শকদের সঙ্গে আগেই যোগাযোগ করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এতে বার্ষিক ফি ও অন্যান্য আনুষ্ঠানিক বিষয় সম্পর্কে আগাম ধারণা নেওয়া সহজ হবে।
জেডএম/
