দীর্ঘদিনের পথচলা, ইলম অন্বেষণের স্মৃতি এবং উস্তাদ-শিক্ষার্থীদের আন্তরিক বন্ধনের এক অনন্য আয়োজনের সাক্ষী হলো আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সাতারকুল কাজীবাড়ি ক্যাম্পাস। তিনটি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
শুক্রবার (১৩ জুন) অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীরা পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, একে অপরের খোঁজখবর এবং আন্তরিক আলাপচারিতায় সময় কাটান। হাসি-আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্যাম্পাসটি যেন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
দাওয়াহ ইনস্টিটিউটের ইনচার্জ উস্তাদ খালিদ মোহাম্মদ সাইফুল্লাহর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে প্রিয় উস্তাদদের সান্নিধ্য ও মূল্যবান দিকনির্দেশনা শিক্ষার্থীদের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক নসিহত, স্মৃতিচারণ এবং একজন দাঈর আদর্শ চরিত্র ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং প্রবীণ শিক্ষাবিদ ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী।
এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আলাউদ্দিন রফিক এবং দর্শনের শিক্ষক আসিফ মাহতাব উৎস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান যায়েদ মাহমুদ, সাবেক ইংরেজি শিক্ষক আব্দুল্লাহ আল মারুফ, প্রমিত উচ্চারণ ও বাংলা ভাষা চর্চার শিক্ষক মোহাম্মদ ইকবাল, মনোবিজ্ঞান শিক্ষক হাফিজুর রহমান এবং বেসিক সায়েন্স বিভাগের শিক্ষক সাকিব রশিদ ও সাইফুল্লাহ বিন ইউসুফ।
উস্তাদদের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা, পরামর্শ ও নসিহত প্রাক্তন শিক্ষার্থীদের দ্বীনি দাওয়াহ ও ব্যক্তিগত জীবনের পথচলায় নতুন উদ্দীপনা ও প্রেরণা জুগিয়েছে। সিনিয়র-জুনিয়রদের হৃদ্যতাপূর্ণ মিলন এবং উস্তাদদের স্নেহময় উপস্থিতিতে দিনটি পরিণত হয় এক স্মরণীয় ও বরকতময় আয়োজনে।
অনুষ্ঠানের সফল সমাপ্তিতে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। পাশাপাশি সকল প্রাক্তন শিক্ষার্থীর দ্বীনি পথচলা সহজ করা এবং সমাজের বিভিন্ন স্তরে তাদের যোগ্য দাঈ হিসেবে কবুল করার জন্য দোয়া করা হয়।
জেডএম/
