আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি, জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকার সিনিয়র মুদাররিস ও বিশিষ্ট ক্বারী হাফেজ মাওলানা আবু রায়হানের ওপর সংঘটিত ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে হাসপাতালে দেখতে গেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টায় রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাদ হাসপাতালে গিয়ে তিনি ক্বারী আবু রায়হান সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
আরও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, ক্বারী আবু রায়হান সাহেব ছেলে মাওলানা কাওছার জামিল প্রমুখ।
জমিয়ত মহাসচিব চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি বলেন, দেশের একজন বরেণ্য ক্বারী, আলেম ও দ্বীনি খেদমতগারের উপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জমিয়ত মহাসচিব আরও বলেন, আলেম-উলামা, মসজিদ-মাদ্রাসা ও দ্বীনি ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনা সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে গভীর উদ্বেগের জন্ম দেয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পরিশেষে তিনি দেশবাসীর নিকট ক্বারী আবু রায়হান সাহেবের পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
আইও/