নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রোববার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, জাতীয় সংসদ ভবন দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রতীক এবং জাতীয় মর্যাদার গুরুত্বপূর্ণ স্থান। এমন একটি স্থানে বিদেশি রাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে গান-বাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনাকাঙ্ক্ষিত এবং জাতীয় মর্যাদার পরিপন্থী।
বিবৃতিতে তিনি বলেন, জাতীয় সংসদ ভবন কোনো সাধারণ বিনোদনকেন্দ্র নয়। এটি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জাতীয় মর্যাদার প্রতীক। এ ধরনের স্থানে বিদেশি সংস্কৃতির আদলে সংগীতানুষ্ঠানের আয়োজন জাতীয় সংসদের মর্যাদা ও পবিত্রতাকে ক্ষুণ্ন করেছে।
হেফাজতে ইসলামের মহাসচিব আরও বলেন, যে যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে নানা বিতর্কিত ভূমিকার জন্য সমালোচিত, তাদের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য জাতীয় সংসদ প্রাঙ্গণ ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটিকে সাংস্কৃতিক বিনিময় বা গণতান্ত্রিক মূল্যবোধের অংশ হিসেবে উপস্থাপনের চেষ্টা দেশের ধর্মীয় চেতনা ও জাতীয় আত্মমর্যাদাবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ ভবনের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের আয়োজন ভবিষ্যতে বিদেশি সাংস্কৃতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করতে পারে। এ ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে সরকারকে জাতীয় সংসদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মর্যাদা ও সংবেদনশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের পুনরাবৃত্তি না ঘটানোর দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় দেশের ধর্মীয় ও জাতীয় মূল্যবোধ রক্ষায় জনগণ গণতান্ত্রিক কর্মসূচি দিতে বাধ্য হবে।
আরএইচ/