আবদুল্লাহ ফিরোজী, সাভার প্রতিনিধি
মুসলিম উম্মাহর বৃহত্তর কল্যাণ, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষায় উলামায়ে কেরামকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মাজমাউল উলামা আল ওয়ায়েজীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা শায়খুল হাদিস মুফতি আব্দুর রহিম কাসেমী। তিনি বলেন, উলামায়ে কেরাম ও ইসলামি স্কলারগণ যদি পরস্পরের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতি অটুট রাখতে সক্ষম না হন তবে উম্মাহ চরম ক্ষতিগ্রস্ত হবে।
শনিবার (৩ অক্টোবর) সকালে তোপখানা রোড, পুরানা পল্টনে অবস্থিত ডিসিসি হলরুমে মাজমাউল উলামা আল ওয়ায়েজীন বাংলাদেশ কর্তৃক আয়োজিত “উম্মাহর কল্যাণে পরস্পরের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষায় উলামায়ে কেরামের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, উলামায়ে কেরাম ও দ্বীনের দাঈদেরকে হিকমত, প্রজ্ঞা ও সতর্কতার সাথে ইসলামের সহিহ আকিদা-বিশ্বাস মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মত ও চিন্তার ভিন্নতা ইসলামের জ্ঞানচর্চার স্বাভাবিক অংশ। তবে মতানৈক্য যেন কোনোভাবেই পারস্পরিক মতবিরোধ, বিদ্বেষ ও সম্পর্কচ্ছেদের কারণ না হয়। কুরআন-সুন্নাহর আলোকে পরস্পরের প্রতি সম্মান, সহমর্মিতা ও ইনসাফের পরিবেশ গড়ে তুলতে হবে। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও পরস্পরকে হেয়প্রতিপন্ন করার প্রবণতা উম্মাহর ঐক্যকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই পারস্পরিক শ্রদ্ধা, সম্মানবোধ এবং সংলাপের মাধ্যমে মতভেদ নিরসনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মাওলানা ক্বারী যুবায়ের আহমদ যুক্তিবাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জনাব এম. নাজিম উদ্দীন আল-আজাদ, যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজী, আলহাজ্ব ক্বারী মাওলানা আজিজুর রহমান বুলবুলী, আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন খন্দকার শাহবাজপুরী, পীরজাদা আলহাজ্ব ফরিদ উদ্দিন খন্দকার শাহেদ, মো. রাকিবুল হাসান রাকিব, মো. মনির হোসেন, হযরত মাওলানা ক্বারী নজরুল ইসলাম, মুফতি নূরুল আফসার ফারুকী, মুফতি ফেরদাউসুর রহমান বুলবুলী প্রমুখ।
আইও/