পর্দানশীন নারীদের জন্য ছবি ছাড়া এনআইডি কার্ডসহ তিন দফা দাবিতে সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীরা। পর্দানশীন নারীদের বিগত ১৬ বছর যাবত নাগরিকত্ব না দেওয়ার প্রতিবাদে এবং জড়িত স্বৈরাচারদের শাস্তির দাবি জানান তারা। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।
রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত ছাত্রী এ কর্মসূচি পালন করেন।
তাদের তিন দফা দাবি হচ্ছে- বিগত ১৬ বছর যাবত পর্দানশীন নারীদের মানবাধিকার হরণ করা ইসি কর্মকর্তাদের বিচার, পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখেই এনআইডি প্রদান এবং পর্দানশীন নারীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ায় সময় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা।