আওয়ার ইসলাম ডেস্ক
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তি ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এ বৃত্তির আওতায় আবেদন ও নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠির ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
সৌদি আরবের রয়্যাল দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ১৯ এপ্রিল ২০২৬ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদন ও নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা studyinsaudi.moe.gov.sa ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তিসংক্রান্ত যে-কোনো তথ্যের জন্য সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগকৃত লিয়াজোঁ অফিসার মোহাম্মদ বিন সাঈদ আল-যাহরানির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য আগ্রহী শিক্ষার্থীরা studyksa.inq@moe.gov এই ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব অধিদপ্তর ও বোর্ডকেও অবহিত করা হয়েছে।
আওয়ার ইসলাম/জেডএম
