নিজস্ব প্রতিবেদক
পবিত্র কুরআনের শিক্ষা ও সান্নিধ্যে শিশু শিক্ষার্থীদের চিন্তা-ভাবনায় ইতিবাচক পরিবর্তন আসছে বলে মন্তব্য করেছেন ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির।
সোমবার (৫ অক্টোবর) সকালে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত কুরআনের সবক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, ‘বাসায় আমরা বাচ্চাদের ডিভাইসমুখী করে রাখি। কিন্তু স্কুলে কুরআনের স্পর্শে প্রিয় শিক্ষার্থীদের রঙ বদল হচ্ছে। যে শিশু ডিভাইস ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সে-ই স্কুলে এসে ডিভাইস ধরবে না বলে অঙ্গীকার করছে।’
তিনি বলেন, ‘বাসার পরিবেশ যদি দ্বীনিবান্ধব করতে পারি, তবেই শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে আমরা এগিয়ে যেতে পারব।’
কুরআনের সবক গ্রহণের সঙ্গে শিক্ষার্থীদের অন্যায় থেকে দূরে থাকার প্রত্যয় গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কিছুতেই অন্যায় পথে চলব না—কুরআনের শিক্ষা গ্রহণের পাশাপাশি আমাদের এই প্রত্যয়ও গ্রহণ করতে হবে।’
অনুষ্ঠানে নারীদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘খুন, ধর্ষণ, গুম ও হত্যার মতো নৃশংস ঘটনার সাক্ষী আমরা। একজন শিশু যে দেশে নিরাপদ নয়, সেটি কোনোভাবেই আদর্শ দেশ হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘যে মানুষের কাছে শিশু নিরাপদ নয়, সে আলেমের পরিচয় বহন করলেও প্রকৃত অর্থে মানুষ হতে পারেনি।’ এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাজিদুল ইসলাম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আবদুর রউফ আশরাফ, মুফতি সামিল আহমদ ওসমান, সাইফুল ইসলাম ও হাফেজ শহীদুল ইসলাম ইউসুফসহ আরও অনেকে।
এসএইচ/