আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৮৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং এখনো হাজারো মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক হালনাগাদ তথ্যে জানান, দুর্যোগের পর এ পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
তিনি জানান, ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
সরকারি হিসাবে, দুর্গত এলাকায় ৯ হাজার ৬০৩ টন খাদ্য ও ৮৩ লাখ ২০ হাজার লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৫ হাজার ৯৭০ রোগী চিকিৎসাসেবা পেয়েছেন।
ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ২৯ হাজার ৫৬৭ সরকারি কর্মী, ২৮ হাজার ৩৬২ স্বেচ্ছাসেবক এবং ৪ হাজার ৩৮৮ আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। বাস্তুচ্যুতদের জন্য ৮৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এ পর্যন্ত ১ হাজার ৭৬টি আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় আঘাত হানে। এতে দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। পরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বড় পরিসরের মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়। কিন্তু ভারী উদ্ধারযান না থাকায় চাপা পড়াদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে।
আওয়ার ইসলাম/জেডএম
