বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮


পাকিস্তানে নতুন হজনীতি, ২০৩০ সাল পর্যন্ত করা যাবে নিবন্ধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজ করতে নতুন হজ নীতির অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। নতুন নীতির আওতায় ২০৩০ সাল পর্যন্ত যেকোনো বছরের হজের জন্য আগাম নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি শরিয়াহসম্মত সঞ্চয় প্রকল্প, পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থাপনা এবং দীর্ঘ ও স্বল্পমেয়াদি হজ প্যাকেজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সরকারি ব্রিফিংয়ে জানানো হয়, নতুন হজ নীতিকে সৌদি আরবের বিদ্যমান আইন ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে প্রয়োজন অনুযায়ী সংশোধন করা যাবে। এ জন্য প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) এবং অন্যান্য বাস্তবায়ন নির্দেশিকাও প্রণয়ন করা হবে।

নীতি অনুযায়ী, হজে আগ্রহীরা ২০৩০ সাল পর্যন্ত যেকোনো বছরের জন্য নিবন্ধন করতে পারবেন। এ ব্যবস্থার মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক একটি অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকা প্রস্তুত করা হবে, যা ভবিষ্যতের হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করবে।

এ ছাড়া শরিয়াহর নীতিমালা অনুসরণ করে একটি বিশেষ সঞ্চয় (সেভিংস) স্কিম চালু করা হবে। এ স্কিমের মাধ্যমে ভবিষ্যতে হজ পালনে আগ্রহীরা ধাপে ধাপে অর্থ সঞ্চয়ের সুযোগ পাবেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, হজ-সংক্রান্ত পুরো ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। নিবন্ধন, অর্থ পরিশোধ, অভিযোগ নিষ্পত্তি এবং সার্বিক তদারকি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

নতুন নীতিতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য পৃথক কোটা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণির হাজিদের চাহিদা বিবেচনায় দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি হজ প্রোগ্রামও চালু করা হবে।

সূত্র: রোজনামায়ে জং

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ