আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গির ইসলাম গ্রহণের খবর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২৬ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসলাম গ্রহণের পেছনের অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেছেন।
জানা যায়, টেটে ইয়ঙ্গির ইসলাম সম্পর্কে জানার আগ্রহের সূচনা হয়েছিল নিছক কৌতূহল থেকে। মুসলিমদের নামাজ আদায়ের পদ্ধতি এবং মসজিদের শান্ত পরিবেশ সম্পর্কে জানার ইচ্ছা থেকেই তিনি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের একটি স্থানীয় মসজিদে প্রবেশ করেন। তাঁর উদ্দেশ্য ছিল ইসলামকে কাছ থেকে দেখা ও বোঝা।
সেই সময় কাকতালীয়ভাবে মসজিদে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক। তরুণ এই ফুটবলারের সঙ্গে তিনি আন্তরিকভাবে পরিচিত হন এবং ইসলাম, বিশ্বাস, জীবনবোধ ও আধ্যাত্মিকতা নিয়ে দীর্ঘ সময় কথা বলেন।
টেটে ইয়ঙ্গি জানান, মুফতি মেঙ্কের আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ইসলামের সৌন্দর্য সম্পর্কে তাঁর ব্যাখ্যা তাঁকে গভীরভাবে স্পর্শ করে। ওই আলোচনার পর তিনি স্বতঃস্ফূর্তভাবে শাহাদাত পাঠ করার সিদ্ধান্ত নেন এবং আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে টেটে ইয়ঙ্গি বলেন, তিনি মূলত ইসলামের পরিবেশ সম্পর্কে জানার উদ্দেশ্যেই মসজিদে গিয়েছিলেন। কিন্তু সেই অভিজ্ঞতাই তাঁর জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করে। তাঁর ভাষায়, এটি ছিল জীবনের সবচেয়ে স্মরণীয় ও অর্থবহ মুহূর্তগুলোর একটি।
ইসলাম গ্রহণের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তাঁর ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। অনেকেই তাঁর এই সিদ্ধান্তকে ব্যক্তিগত বিশ্বাস ও আধ্যাত্মিক অনুসন্ধানের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেছেন।
আওয়ার ইসলাম/জেডএম
