নিজস্ব প্রতিবেদক
সিয়ানাহ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রাস্টের সেক্রেটারি মাওলানা সাদিকুর রাহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ট্রাস্টের নির্বাহী সদস্য মাওলানা ইমদাদুল্লাহ মারজান। এতে সভাপতিত্ব করেন সিয়ানাহ ট্রাস্টের চেয়ারম্যান মুফতি জিয়াউর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর মো. মাসুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।
গত ৩০ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেন। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার এ গ্রুপে প্রথম স্থান অর্জন করে স্কলার্সহোম স্কুলের শিক্ষার্থী জাহরান ওয়াদি চৌধুরী। দ্বিতীয় হয় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়ান আবদুল্লাহ দিহান এবং তৃতীয় স্থান অর্জন করে শরীয়তপুরের শিক্ষার্থী নুসরাত ইমরুজ।
বি গ্রুপে প্রথম স্থান অর্জন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইফুল ইসলাম। দ্বিতীয় হয় রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী ফাহিমা আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম জিহাদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর মো. মাসুদুল হাসান বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ধারণ ও লালন করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। নতুন প্রজন্মকে তাঁর আদর্শে গড়ে তুলতে দেশের স্কুল ও কলেজের প্রতিটি স্তরের পাঠ্যসূচিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী অন্তর্ভুক্ত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত ও সর্বশ্রেষ্ঠ নবী। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, বিষয় ও বস্তু বিশেষ মর্যাদায় অভিষিক্ত। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে মনোনীত করেছেন। তাই প্রতিটি মুসলমানের কাজ, চিন্তা ও আচরণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতিফলন থাকা উচিত। নিজেদের জীবনে তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত অর্থে তাঁর উম্মতের পরিচয় ধারণ করা সম্ভব।
অনুষ্ঠানে সীরাতচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
এসএইচ/