শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮


সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ওমরাহ পালনে সৌদি আরব গিয়ে নিখোঁজ বাংলাদেশি আলেম মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও দ্রুত মুক্তির ব্যবস্থা এবং রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠকে নেতারা এ দাবি জানান।

ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকীর পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতারা বলেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া বাংলাদেশি আলেমদের একটি কাফেলা রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার শিকার হয়। এতে অনেকে আহত হন এবং মুফতি নাসরুল্লাহ বদর নিহত হন। ওই ঘটনার বিষয়ে মুফতি মুহাম্মদ উল্লাহ ফেসবুক লাইভে এসে দেশবাসীকে অবহিত করেন। পরে মক্কার একটি হোটেল থেকে সৌদি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে নিয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে তাঁরা দাবি করেন।

নেতারা বলেন, মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান না পাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এতে তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তাঁর অবস্থান নিশ্চিত করে বিষয়টি স্পষ্ট করা। কোনো আইনি বা প্রশাসনিক জটিলতা থাকলে তা নিরসন করে তাঁকে নিরাপদে দেশে ফেরার সুযোগ দেওয়ারও দাবি জানান তাঁরা।

বৈঠকে নেতারা আরও বলেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া মুফতি নাসরুল্লাহ বদরের পবিত্র ভূমিতে মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর পরিবারের সিদ্ধান্ত ও ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দ্রুত জান্নাতুল বাকীতে দাফনের ব্যবস্থা করা উচিত।

তাঁরা মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নিরাপদ মুক্তি এবং মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি হাসান আহমদ, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা মুবাশ্বির আহমদ, মুফতি রেজাউল করিম দরবস্তী, এম. মুফাজ্জল ইবনে মাহফুজ, মাওলানা বোরহান উদ্দিন, মুফতি নাসির বিন নুর, মাওলানা ইমরান মাহমুদ, মাওলানা বেলায়েত হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন ও মাওলানা মাহফুজ উদ্দীন প্রমুখ।

বৈঠকের শেষ পর্যায়ে কক্সবাজারের হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের এবং মহানগর দক্ষিণ জমিয়তের সভাপতির শ্বশুরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ