শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭


ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার লম্ভুয়া এলাকায় ‘জয় শ্রী রাম’ বলে স্লোগান দিতে অস্বীকার করায় ডানপন্থী হিন্দু জনতা কর্তৃক দুই মুসলিম যুবককে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) মারধরের একটি ভিডিওর সূত্র দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদসংস্থা মুসলিম মিরর।

সূত্রে বলা হয়েছে. চলতি সপ্তাহের শুরুতে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে করে দেশজুড়ে মুসলিমদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

ঘটনার ফুটেজে দেখা যায়, হামলাকারীরা মোটরসাইকেলে বসে থাকা দুই যুবককে লাথি ও চড়-থাপ্পর মারছে। এরপর হামলাকারীরা তাদেরকে বাইক থেকে টেনে নামিয়ে দেয়। ভিডিওগুলোতে হিন্দু জনতাকে ভুক্তভোগীদের মুখোমুখি হয়ে প্রশ্ন করতে শোনা যায়, ‘ভারত মে হোকার জয় শ্রী রাম নেহি বলোগে?’ (ভারতে থেকেও জয় শ্রী রাম বলবে না?)।

অপরাধীরা ভুক্তভোগীদের ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় পুলিশ ভাইরাল ভিডিওগুলোর বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে বলে সূত্র থেকে আরও জানা যায়। লম্ভুয়া এলাকার এক উচ্চপদস্ত পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, দুইজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। দল গঠন করা হয়েছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনি কার্যক্রম শুরু করা হবে। 

সূত্র: মুসলিম মিরর

জেডএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ