কোনো ধরনের প্রতিশোধের শিকার হওয়ার ভয় ছাড়াই নাগরিক সমাজের কাজ করার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৮টি দেশের ওই জোট আরো বলেছে, গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা ও একটি প্রাণবন্ত নাগরিক সমাজ অপরিহার্য।
মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়ায় ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক মুখপাত্র গতকাল শুক্রবার ব্রাসেলসে এক বিবৃতিতে এ কথা জানান।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড দেন।
