প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমূলক, প্রযুক্তিনির্ভর, আত্মনির্ভরশীল ও মানবিক বাংলাদেশের রূপরেখা হিসেবে আখ্যায়িত করে স্বাগত জানিয়েছে বিএনপির জার্মানি শাখার নেতারা।
শুক্রবার (১২ জুন) জার্মানির মানহাইমে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের প্রথম বাজেট প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বিএনপির জার্মানি শাখার সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত নতুন বাজেট শুধু একটি আর্থিক পরিকল্পনা নয়, বরং একটি আধুনিক, উন্নত, আত্মনির্ভরশীল ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের সুস্পষ্ট রূপরেখা। এ বাজেটে তরুণদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা প্রতিফলিত হয়েছে।’
দেওয়ান শফিকুল ইসলাম বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, স্টার্টআপ সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রণোদনা, বিনিয়োগ সহায়তা এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এর ফলে দেশের মেধাবী ও উদ্ভাবনী তরুণরা নতুন শিল্প ও উদ্যোগ গড়ে তুলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশকে জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য বাজেটে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি, ডিজিটাল অবকাঠামো, গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপকে তিনি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় উন্নয়নের যাত্রায় দেশের প্রতিটি নাগরিককে অংশীদার হতে হবে। ঐক্য, উদ্ভাবন, সুশাসন ও পরিশ্রমের মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব, যা হবে জনকল্যাণমুখী, প্রযুক্তিগতভাবে অগ্রসর, অর্থনৈতিকভাবে আত্মনির্ভর এবং বিশ্বপরিসরে মর্যাদাশীল।’
তিনি আশা প্রকাশ করেন, নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশ অর্থনৈতিক সমৃদ্ধি, প্রযুক্তিগত অগ্রগতি এবং টেকসই উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে যাবে।
আইও