নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেছেন, কওমি মাদরাসার শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফল করলেই হবে না; তাদের সুশিক্ষা, নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ হয়ে দেশ, সমাজ এবং ইসলামের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বুধবার (৮ জুলাই) ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম (তালতলা মাদরাসা), মোমেনশাহীতে অনুষ্ঠিত ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যাহর উদ্যোগে আয়োজিত মজলিসে উমুমীর ৩০তম বৃত্তি ও ৭ম পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠুক। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং জ্ঞান, চরিত্র ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশপ্রেম, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ আলেমদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আলেম-ওলামা, শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিরা।
আওয়ার ইসলাম/জেডএম
