নিজস্ব প্রতিবেদক
পবিত্র ওমরাহ পালন ও মিশরের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশে ফিরেছেন বেফাক ও হাইআতুল উলয়ার চেয়ারম্যান, শায়খে যাত্রাবাড়ী মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান। মিশরে পাঁচ দিনের সফরে তিনি বেশ কয়েকটি প্রাতিষ্ঠানিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ইসলামের ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শন করেন।
সফর শেষে দেশে ফিরে আবারও দ্বীনি খেদমতে আত্মনিয়োগ করছেন তিনি। আগামীকাল শুক্রবার মাসের পঞ্চম জুমায় নিজের হাতে গড়া দ্বীনি মারকাজ, ‘বাংলাদেশের মদিনা মসজিদ’ হিসেবে পরিচিত জামিয়া মাহমুদিয়া চরখরিচায় জুমার খুতবা দেবেন এই বর্ষীয়ান আলেম।
মিশর সফরে আল্লামা মাহমূদুল হাসান দেশটির ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে কায়রোর ঐতিহাসিক আমর ইবনুল আস (রা.) মসজিদ। ৬৪২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এ মসজিদ আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ হিসেবে পরিচিত। ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে বিভিন্ন শাসনামলে মসজিদটি মুসলিম ঐতিহ্য ও ধর্মীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে টিকে আছে।
এ ছাড়া তিনি ইলমে দ্বীনের মহান মনীষী ইমাম শাফেয়ি (রহ.)-এর মাজারও পরিদর্শন করেন। ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও পূর্বসূরি মনীষীদের স্মৃতিবিজড়িত এসব স্থানে তাঁর সফর ছিল তাৎপর্যপূর্ণ।
এসএইচ/