বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘তাহসিফের মৃত্যু নিয়ে শঙ্কার দায় সরকারকেই নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব শাহ ইফতেখার তারিক। তিনি বলেছেন, এ রহস্যজনক মৃত্যু জনমনে যে শঙ্কা তৈরি করেছে, তার দায় সরকারকেই নিতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে শাহ ইফতেখার তারিক বলেন, উদ্ধার করা মরদেহের সুরতহাল দেখে এটিকে কোনোভাবেই দুর্ঘটনা বলে মনে হয় না; বরং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হয়। পতিত ফ্যাসিবাদের দোসরদের অনলাইনে আস্ফালন এবং নিহত তাহসিফের সঙ্গে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কথিত সম্পৃক্ততার বিষয়টি এই শঙ্কাকে আরও ঘনীভূত করেছে।

তিনি বলেন, শেখ হাসিনার দেশত্যাগের যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে সম্পৃক্ততার কথা তাহসিফ কখনো স্বীকার করেননি। তবে বিমান বাহিনী থেকে তাঁকে চাকরিচ্যুত করার বিষয়টি রহস্যজনক। আইএসপিআরের বক্তব্যেও চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করা হয়নি। এসব রহস্যের সমাধান এবং এ ধরনের হত্যাকাণ্ড থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।

শাহ ইফতেখার তারিক আরও বলেন, পতিত আওয়ামী লীগকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। তারা চব্বিশের আন্দোলনকে এখনো ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে এবং ওই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের হত্যাযোগ্য মনে করে। এই অশুভ শক্তি কোথাও কোনো নাশকতার পরিকল্পনা করছে কি না, তা-ও খতিয়ে দেখতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, রাষ্ট্রের স্পর্শকাতর ও নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশি গোয়েন্দাদের অপতৎপরতা নিয়ে যেসব গুঞ্জন ও আলামতের কথা বলা হচ্ছে, তা নিয়ে জনমনে থাকা উদ্বেগ দূর করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, সেটিও স্পষ্ট করা প্রয়োজন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ