রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব করেছে ‘গার্মেন্টস শ্রমিক কর্মচারী উন্নয়ন ফেডারেশন’। একই সঙ্গে শ্রমিকদের জীবনমান উন্নয়নে অবিলম্বে শিল্পাঞ্চলভিত্তিক রেশনিং ব্যবস্থা চালুসহ ১২ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৫ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি মুহাম্মাদ হারুন অর রশীদ স্বাক্ষরিত লিখিত বক্তব্যে এসব প্রস্তাবনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমিকদের শ্রম ও ঘামের ওপর এ শিল্প দাঁড়িয়ে থাকলেও আয় ও ব্যয়ের অসামঞ্জস্যতা এবং মজুরি বৈষম্যের কারণে শ্রমিকরা বর্তমানে চরম সংকটে দিন পার করছেন।

সংবাদ সম্মেলনে রেশনিং ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলা হয়, শুধু মজুরি বৃদ্ধি করলেই শ্রমিকদের জীবনযাত্রার সংকট পুরোপুরি নিরসন হবে না। তাই অবিলম্বে সরকারি উদ্যোগে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে শ্রমিকদের জন্য চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। মালিকের বিনিয়োগ ও শ্রমিকের শ্রম উভয়ের সমন্বয়েই শিল্পের অগ্রগতি সম্ভব উল্লেখ করে সংগঠনটি জানায়, শ্রমিকের ন্যায্য মজুরির দাবি কোনোভাবেই শিল্পের সক্ষমতা বা স্বার্থের পরিপন্থী নয়।

চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে নিয়মিত ত্রিপক্ষীয় আলোচনা, দ্রুত বকেয়া বেতন-ভাতা ও ওভারটাইম পরিশোধ, অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ ও মাতৃকালীন সুবিধাসহ ১২টি সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করে ফেডারেশন। একই সঙ্গে শ্রমিকদের যেকোনো ধরনের উসকানি থেকে বিরত থেকে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে নিজেদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। কারখানা ভাঙচুর বা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে দিনশেষে শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বলেও সংবাদ সম্মেলনে স্মরণ করিয়ে দেওয়া হয়।

সংগঠনটির প্রস্তাবিত চার গ্রেডের মজুরি কাঠামো অনুযায়ী— গ্রেড-১ (সিনিয়র অপারেটর ও দক্ষ শ্রমিক)-এর জন্য ৪৮ হাজার টাকা, গ্রেড-২ (সাধারণ মেশিন চালক)-এর জন্য ৪৩ হাজার টাকা, গ্রেড-৩ (জুনিয়র মেশিন অপারেটর)-এর জন্য ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪ (সহকারী শ্রমিক)-এর জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। এছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি ৩০ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল সর্বোচ্চ তিন মাস করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামোতে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং অবশিষ্ট ১০ শতাংশ অন্যান্য ভাতা হিসেবে নির্ধারণ করতে বলা হয়েছে। এর পাশাপাশি প্রশাসনিক ও কারিগরি কর্মচারীদের জন্য ৪০ থেকে ৫৫ হাজার টাকার পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ