বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এর বিচার করবে।’
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহজাহানপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করে যাচ্ছেন। সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দীর্ঘ ১৭ বছর দেশের সবাই নির্যাতিত, বেগম খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে গৃহহীন করা হয়েছে। খালেদা জিয়াকে তিলে তিলে মারার জন্য এমন কোনো কাজ নেই তারা করেনি।’