চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটির চট্টগ্রাম উত্তর জেলা শাখা।
রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম তথ্যটি নিশ্চিত করেছেন।
সম্প্রতি এক সভায় সিরাজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ তার এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় পরিবারসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।