সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডায় ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন শিক্ষাকেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৭ সালে কেন্দ্রটির নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) নালগোন্ডায় জমিয়তে উলামায়ে নালগোন্ডার উদ্যোগে নারীদের এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এ ঘোষণা দেওয়া হয়। এতে ৮০০-এর বেশি নারী, শিক্ষার্থী ও আলেমা অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন মাওলানা সৈয়দ শাহ এহসানুদ্দিন কাসেমি। বিশেষ অতিথি ছিলেন ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মেহেদি হাসান আইনি কাসেমি। বক্তব্য দেন মাওলানা জিশান নদভি। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি জুবায়ের মাযাহিরি।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দেওবন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের (ডিইআরএফ) অধীনে পরিচালিত ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দ (আইআইএডি) তেলেঙ্গানায় প্রথমবারের মতো সরাসরি পাঠদান কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষার সঙ্গে আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক দক্ষতা ও সমসাময়িক শিক্ষার চাহিদার সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে।

কর্মশালায় নারীদের দীনি ও আধুনিক শিক্ষা, সন্তান প্রতিপালন এবং শিশুদের মনস্তাত্ত্বিক চাহিদা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা, নেতৃত্ব বিকাশ, যোগাযোগ ও বক্তৃতার কৌশল এবং আলেমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মতো বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সামাজিক সংস্কার ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের বিষয়ও গুরুত্ব পায়।

আয়োজকেরা জানান, নারীদের শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এবং আলেমাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালাটি আয়োজনের ক্ষেত্রে জমিয়তে উলামায়ে নালগোন্ডা, হাফেজ সৈয়দ ফুরকান হাসানুদ্দিন ও তাঁর দলসহ সংশ্লিষ্ট সহযোগী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সূত্র: ফেসবুক পেইজ

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ