আন্তর্জাতিক ডেস্ক
আলজেরিয়ার সবচেয়ে প্রবীণ নারী হিসেবে পরিচিত হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। প্রচলিত জন্মসাল অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩২ বছর। ২০২৪ সালে ১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় এসেছিলেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের ঘটনাটি তাঁকে আলজেরিয়ার বাইরেও পরিচিত করে তোলে।
ফরাসি সংবাদমাধ্যম ভিসা আলজেরির ১৮ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদন থেকে তাঁর মৃত্যুর খবর জানা যায়। ১৮৯৪ সালে আলজেরিয়ার গালমা অঞ্চলের শিনিউ এলাকায় জন্মগ্রহণ করেন সারহুদা। জীবনের শেষ বছরগুলো তিনি তেবেসা শহরে পরিবারের সদস্যদের সঙ্গে কাটিয়েছেন।
আলজেরীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০ বছর বয়সে বিয়ে করেন সারহুদা। তাঁর ১৫ সন্তান ছিল। দীর্ঘ জীবনের বেশির ভাগ সময় তিনি সন্তান, নাতি-নাতনি ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন।
তবে জীবনের শেষ দিকে এসে ১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন তাঁকে আন্তর্জাতিকভাবে আলোচনায় নিয়ে আসে। ২০২৪ সালের জুনে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে সৌদি আরবে যান তিনি। এর আগে দুবার ওমরাহ পালন করেছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মক্কায় তাঁর হজ পালনের খবর ও ভিডিও প্রকাশ করেছিল সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়াও।
প্রচলিত জন্মসাল ১৮৯৪ সাল অনুযায়ী, সারহুদা সিতিতি ছিলেন আলজেরিয়ার ইতিহাসের দীর্ঘ সময়ের সাক্ষী। তাঁর জীবদ্দশায় দেশটি ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। পরে স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ১৯৬২ সালে স্বাধীনতা অর্জন করে আলজেরিয়া। এরপরও দেশটির রাজনৈতিক ও সামাজিক জীবনে বহু পরিবর্তন ঘটে।
১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করে সারহুদা যে পরিচিতি পেয়েছিলেন, তাঁর মৃত্যুর খবরের পর সেই ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। দীর্ঘ জীবনের শেষ প্রান্তে এসে পূরণ হওয়া তাঁর হজের স্বপ্ন অনেকের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তথ্যসূত্র: ভিসা আলজেরি
এসএইচ/