যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ায় মঙ্গলবার স্বর্ণের দামে বড় পতন হয়েছে। আগের কার্যদিবসে প্রায় ২ শতাংশ বাড়ার পর এদিন মূল্যবান ধাতুটির দরপতন হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯০৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, ডিসেম্বরের সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯১৪ দশমিক ৭০ ডলারে নেমেছে।
ইরানের এক কর্মকর্তা যুদ্ধের অবসানে চুক্তি এখনো অনেক দূরে বলে মন্তব্য করার পর তেলের দাম ১ ডলারের বেশি বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। এতে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। সরবরাহঝুঁকির কারণে জ্বালানির দাম উঁচু থাকায় কঠোর মুদ্রানীতির পক্ষে যুক্তি আরও জোরালো হচ্ছে।