শয়তান মানুষের চিরশত্রু। যে শত্রুর ব্যাপারে মহান আল্লাহ তাঁর বান্দাদের সতর্ক করেছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য; অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে; আর বড় প্রতারক (শয়তান) যেন তোমাদের আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু।
অতএব, তাকে শত্রু হিসেবে গণ্য কোরো। সে তার দলকে শুধু এ জন্যই ডাকে, যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। (সুরা : ফাতির, আয়াত : ৫-৬)
সে সব সময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরানোর চেষ্টা করে।
কখনো কখনো ইবাদতে বিঘ্ন ঘটিয়ে তাদের ইবাদতকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। কখনো শয়তান মানুষের ঘরে প্রবেশ করেও বিভিন্ন রকম অনিষ্ট সাধন করে। ঘরকে শয়তানের প্রভাবমুক্ত রাখতে নিয়মিত কোরআন তিলাওয়াত করা, কিছু নফল নামাজ ঘরে আদায় করা, ঘরে প্রবেশ ও প্রস্থানের সময় আল্লাহর স্মরণ করা। কারণ এতে শয়তানের জন্য ঘরে প্রবেশ করা কঠিন হয়ে যায়।