বরিশাল ব্যুরো
বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাদ জোহর চরমোনাইর পীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে শুরু হয় এ মাহফিল। চার দিনব্যাপী এ আধ্যাত্মিক মিলন মেলা শেষ হবে ৩০ নভেম্বর।
ইতোমধ্যে মাহফিলের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। সপ্তাহের শুরু থেকেই সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন শুরু হয় মাহফিলে। আনুষ্ঠানিকভাবে মাহফিল বুধবার শুরু হলেও মঙ্গলবার সকালেই একটি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
মাহফিলের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে সহস্রাধিক স্বেচ্ছাসেবক নিয়ে গঠিত এক বিশাল বাহিনী চলতি মাসের মাঝামাঝি সময়ে চরমোনাইয়ে এসে পৌঁছে। তাদের নিরাপত্তা, শৃঙ্খলা ও খিদমতের দায়িত্বে আলাদাভাবে দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে।