আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সাত প্রকার সর্বনাশী কাজ থেকে দূরে থাক। লোকেরা বলল, সেগুলো কী কী হে আল্লাহর রাসুল! তিনি বললেন, এক. আল্লাহর সঙ্গে শরিক করা, দুই. জাদু করা, তিন. অন্যায়ভাবে কাউকে হত্যা করা, চার. সুদ খাওয়া, পাঁচ. এতিমের সম্পদ আত্মসাৎ, ছয়. যুদ্ধের ময়দান থেকে পালানো এবং সাত. মিথ্যা অপবাদ দেওয়া। (রিয়াদুস সালেহিন : ১৮০২)।
আল্লাহর সঙ্গে শিরক বা অংশীদার সাব্যস্ত করা : শিরক এমন গোনাহ যা তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহ শিরক ছাড়া অন্য যেকোনো গোনাহ চাইলে মাফ করে দেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ তাঁর সঙ্গে শরিক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্যান্য গোনাহ যাকে ইচ্ছে মাফ করবেন। যে আল্লাহর সঙ্গে শরিক করল, সে এক মহাঅপবাদ আরোপ করল।’ (সুরা নিসা : ৪৮)।
জাদু করা : জাদুবিদ্যা শিক্ষা এবং তা বাস্তবায়ন করা গোনাহের কাজ। এ প্রসঙ্গে কোরআনে বর্ণিত ঘোষণা সুস্পষ্ট। আল্লাহতায়ালা বাবেল শহরে হারুত ও মারুত নামক দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন জাদুবিদ্যা শিক্ষা দিয়ে মানুষকে পরীক্ষা করার জন্য। তারা মানুষকে জাদুবিদ্যা শিখতে নিরুৎসাহিত করত। অগত্যা কেউ জোরাজোরি করলে তাকে তা শিক্ষা দিত এবং বলে দিত এগুলো কুফরি। আল্লাহ বলেন, ‘তারা যাকেই জাদু বিদ্যা শিখাত, তাকে বলে দিত যে তোমরা (জাদু শিখে) কুফুরি করো না। নিশ্চয় আমরা তোমাদের জন্য পরীক্ষা।’ (সুরা বাকারা : ১০২)।