নিজস্ব প্রতিবেদক-
আশুরাকে সামনে রেখে মুসলিমদের স্বাতন্ত্র্যবোধ, আত্মপরিচয় এবং ইসলামি মূল্যবোধ রক্ষার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, মুসলমানদের উচিত অন্ধ অনুকরণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করা।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ এ আহ্বান জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, ইসলামের স্বাতন্ত্র্যবোধ নবী করিম (সা.)-এর জীবনে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, ইবাদতের ক্ষেত্রেও অন্য ধর্মাবলম্বীদের অনুকরণ এড়াতে তিনি সাহাবায়ে কেরামকে আশুরার দুটি রোজা রাখার নির্দেশনা দিয়েছিলেন।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আজ অনেক মুসলমান কেবল জাগতিক বিষয়েই নয়; বরং জীবনদর্শন, সংস্কৃতি, মূল্যবোধ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডেও অন্যদের অন্ধ অনুকরণ করছে। দুঃখজনকভাবে অনেকেই এ ধরনের অনুকরণকে আধুনিকতা বা গর্বের বিষয় হিসেবে দেখছে।
শায়খ আহমাদুল্লাহ এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করে বলেন, নবীজি (সা.) পূর্বেই সতর্ক করেছিলেন যে, তাঁর উম্মতের একটি অংশ পূর্ববর্তী জাতিদের পদে পদে অনুসরণ করবে। তিনি বলেন, এটি কোনো প্রশংসাসূচক বক্তব্য নয়; বরং মুসলিম সমাজের জন্য একটি সতর্কবার্তা ও ভবিষ্যদ্বাণী।
পোস্টের শেষাংশে তিনি মুসলমানদের উদ্দেশে বলেন, সময়ের স্রোতে নিজেদের পরিবর্তন না করে বরং ইসলামের আদর্শের মাধ্যমে সমাজকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। মক্কার জাহিলি সমাজের বিরুদ্ধে মহানবী (সা.) যেভাবে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন, সেই আদর্শ থেকেই অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, উদাসীনতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে সংগ্রাম করে ইসলামী আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার।
আইও/