শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮


আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক 

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আল-আমানাহ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীরচরে আল-কারীম ইন্টারন্যাশনাল মাদরাসার অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কামরাঙ্গীরচরের ১২৯, হাতা মসজিদ রোডে (লোহার ব্রিজ) অবস্থিত মাদরাসাটিতে বিভিন্ন মাদরাসা ও হিফজখানার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীরা শুদ্ধ হিফজ ও তাজবিদের মাধ্যমে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। তাঁদের মেধা ও তিলাওয়াতের মান যাচাই করে পরবর্তী পর্বের জন্য যোগ্য প্রতিযোগী নির্বাচনের কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিযোগিতার প্রধান বিচারক ও তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি এবং আল-আমানাহ ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা উস্তাযুল হুফফাজ শায়েখ আব্দুল হক হাফিযাহুল্লাহ। বিচারকার্য পরিচালনায় আরও দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সভাপতি মুফতি মোহাম্মদ আবু ইউসুফ ও সেক্রেটারি এইচ এম আব্দুল বাতেন বিন ত্বহের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-কারীম ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী আব্দুর রহমান। এ সময় আল-আমানাহ ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দ, বিচারকমণ্ডলী, স্থানীয় উলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষক, অভিভাবক ও কুরআনপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পবিত্র কুরআনের শিক্ষা ও হিফজের প্রসার, তরুণ প্রজন্মের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান হাফেজদের মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তাঁরা আরও বলেন, কুরআনের আলোকে নৈতিক ও আদর্শ প্রজন্ম গড়ে তোলা এবং কুরআন-সুন্নাহভিত্তিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রতিযোগিতার মাধ্যমে হাফেজে কুরআনদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতার সফল আয়োজন ও ধারাবাহিকতা বজায় রাখতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, তাঁদের উস্তাদ, অভিভাবক, বিচারকমণ্ডলী এবং সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আল-আমানাহ ফাউন্ডেশন বাংলাদেশ। একই সঙ্গে এ উদ্যোগের সফলতার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ