সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি নিহত এই আলেমের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকার চেক দিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলাম আমরা। সঙ্গে তাঁর তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছি।

তিনি নিহত নাসরুল্লাহ বদরের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দিতে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

মুফতি নাসরুল্লাহ বদর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ঢালুয়া এলাকার বাসিন্দা ছিলেন। ওমরা পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার পথে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটের অপেক্ষায় থাকার সময় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি।

৩৫ বছর বয়সী মুফতি নাসরুল্লাহ বদর রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদরাসার সহকারী মুহতামিম ছিলেন। তিনি পবিত্র কুরআনের হাফেজ ও মুফতি ছিলেন। তাঁর তিন সন্তানের বয়স যথাক্রমে ৭, ৫ ও ২ বছর। বাবাকে হারিয়ে অল্প বয়সেই তারা এতিম হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ